দলীয় দুর্বৃত্তদের দিয়ে নারীদের শ্লীলতাহানির হুমকি তাপস পালের!
তারিক হাসান, কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:৩১
তাঁর দলের কর্মী, সমর্থকদের পেছনে লাগলে সিপিএম সমর্থকদের পরিবারের মেয়েদের তৃণমূলের ছেলেদের দিয়ে ধর্ষণ করানোর হুমকি দিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি তাপস পাল। গত ১৫ জুন পশ্চিমবঙ্গের নদিয়ার নাকাশীপাড়ায় এক নিহত তৃণমূল কর্মীর শেষকৃত্যে গিয়ে এই মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্যে ভারত জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
এই মন্তব্যের প্রেক্ষিতে তাপস পালকে পার্লামেন্ট থেকে বহিষ্কারের দাবি তুলল ভারতের জাতীয় মহিলা কমিশন। কমিশনের চেয়ারম্যান মমতা শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, তাপসকে পার্লামেন্ট সংসদ থেকে বের করে দেয়া উচিত। তার মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও চেয়েছেন কমিশনের প্রধান। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীও এ ব্যাপারে ব্যবস্থা নিন। এমন ভাষা কখনও একজন এমপির মুখে আসতে পারে না। তাপস পাল সে ফ একটা মন্তব্যই করেননি, তিনি চরম অপরাধ করেছেন।
তাপস পালের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তাঁর স্ত্রী নন্দিনী পাল। নন্দিনীর বক্তব্য, এই ধরনের মন্তব্য সমর্থনযোগ্য নয়। তবে এরসঙ্গে তিনি আরও বলেন, এর ভেতরে অন্য গল্প আছে।
এই মন্তব্যের জন্য তাপস পালের থেকে লিখিত জবাব চেয়েছে তৃণমূল। দলের এমপি ডেরেক ও ব্রায়েন বলেছেন, তাপসকে ৪৮ ঘন্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে। দলের প্রেসিডেন্ট মুকুল রায় বলেছেন, তাপস পালকে ক্ষমা চাইতে হবে।