রাজশাহীর চার রুটে ৬ ঘণ্টার আকস্মিক বাস ধর্মঘট
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:৩১
সিএনজি চালিত অটোরিকশা ও বাস শ্রমিকদের মধ্যে চলমান বিবাদকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাজশাহী-নওগাঁসহ জেলার অভ্যন্তরের ৪টি রুটে ৬ ঘণ্টার বাস ধর্মঘট পালন করেছে রাজশাহীর বাস মালিক-শ্রমিকরা। কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করা হয়। এতে বিপাকে পড়েন ঐসব রুটের হাজারো যাত্রী। পরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের বৈঠকে ঐ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, বর্তমানে রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। রোজায় যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
গত ২৮ জুন রাজশাহী-আমনুরা রুটে সাইড দেয়া নিয়ে বাস চালক রুস্তমকে মারপিট করে সিএনজি চালকরা। এ নিয়ে নগরীর গৌরহাঙ্গা স্ট্যান্ডে ওইদিন দুপুরে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর ভাঙচুরের আশঙ্কায় গতকাল সকাল থেকে রাজশাহী-নওগাঁ, রাজশাহী-আমনুরা, রাজশাহী-ভাবানীগঞ্জ ও রাজশাহী-কাঁকনহাট রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।