বরিশাল ভার্সিটিতে ৬ শিক্ষার্থী বহিষ্কার, প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:৩১
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আগের রাতে বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। সহকারী রেজিস্ট্রারসহ ৪ জনকে মারধরের অভিযোগে ঐ ৬ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। গতকাল সকাল ১১টায় এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের কঠোর অবস্থানের কারণে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে দুপুরে তিন শিক্ষার্থীকে শিবির সন্দেহে পিটিয়ে গুরুতর আহত করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত গত ৫ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপসহ ৪ কর্মচারীর ওপর হামলা এবং আসবাবপত্র ভাংচুর করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ৬ শিক্ষার্থীকে সোমবার রাতে সাময়িক বহিষ্কার করা হয়।