নারায়ণগঞ্জে খাল দখলমুক্ত করার অভিযান শুরু
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:৩২
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি হতে বুড়িগঙ্গা নদী পর্যন্ত খাল দখলমুক্ত অভিযান শুরু করেছে এনায়েতনগর ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার সকালে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে শুরু হয় এ অভিযান।
জানা গেছে, খাল দখলমুক্ত করাকালে জাকারিয়া হাবিব নামে একজন বাধা দেয়। এসময় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বাকবিতণ্ডা হয়। অভিযানে ১০ থেকে ১২টি অবৈধ স্থাপনা খালের জায়গা থেকে উচ্ছেদ করা হয়।
এনায়েত নগর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দীন বলেন, জলাবদ্ধতা নিরসন করতে এবং পঞ্চবটি হতে বুড়িগঙ্গা পর্যন্ত খাল সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে খাল দখলমুক্ত করা হবে। খালটি দখলমুক্ত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হবে। আর যারা সরকারি খালে অবৈধ স্থাপনা তৈরি করেছে তাদের স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।