সমর্থকদের আনন্দে ভাসাতে চান আর্জেন্টিনা অধিনায়ক
স্পোর্টস রিপোর্টার, ব্রাজিল
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:৪২
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের প্রাক্কালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, অর্থনৈতিক মন্দার মধ্যে থাকা দেশটির হতাশ জনগণের জীবনে আনন্দ ফিরিয়ে আনতে চান তারা। সাও পাওলোতে শেষ ষোলোর খেলায় সুইসদের হারিয়ে আর্জেন্টাইনদের জন্য সুখবর বয়ে আনার সুযোগ রয়েছে চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি এবং তার দলের সদস্যদের সামনে।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে জয়ী দল বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে। সাও পাওলোতে অনুষ্ঠেয় আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের মধ্যকার খেলা উপভোগের জন্য অর্ধ লক্ষাধিক আর্জেন্টাইন দর্শক মাঠে উপস্থিত হয়ে মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবে।
ব্রাজিলের ভরসার প্রতীক নেইমারের মতোই আর্জেন্টিনার ভরসার নাম মেসি। গ্রুপ পর্বের প্রত্যেক খেলায় গোল করে ম্যাচ জেতানোর জন্য আর্জেন্টাইন অধিনায়ককে অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছেন সমর্থকরা। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ আলেজান্দ্রো সাবেলা। নেইমার এবং মেসি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাবেলা বলেন, মেসি এবং নেইমার দুই জনই অসাধারণ। মেসি বিশ্বের সেরা খেলোয়াড় অন্যদিকে নেইমারও বড় মাপের খেলোয়াড়। তাদের মতো খেলোয়াড় দলে থাকলে তাদের ওপর ভরসা করাটাই স্বাভাবিক।
হন্ডুরাসের বিপক্ষে হ্যাটট্রিক করা জাদরেন শাকিরি হয়ে উঠেছেন সুইজারল্যান্ডের মেসি। তাই শাকিরির ওপর সুইসদের প্রত্যাশাও অনেক বেশি। কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ জেতার কোন রেকর্ড নেই সুইজারল্যান্ডের। ছয় বারের দেখায় দুইবার ড্র করলেও দক্ষিণ আমেরিকার দলটির কাছে তারা হেরেছে চারবার। টুর্নামেন্ট শুরুর আগে সুইজারল্যান্ডের কোচ ওটমার হিটসলেল্ড ঘোষণা দিয়ে বলেছিলেন, এটাই হয়তো বিশ্বকাপে তার শেষ উপস্থিতি। ৬৫ বছর বয়সী এ জার্মান কোচ দুইবার সেরা কোচ মনোনীত হয়েছিলেন এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় করেছেন।
আর্জেন্টাইনরা এবার ব্রাজিলে এসেছে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে। ২০১৪ বিশ্বকাপের প্রথম পর্বে ‘এফ’ গ্রুপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিরুদ্ধে টানা জয়ে পুরো নয় পয়েন্ট নিয়ে দলটি নকআউট পর্বে উঠে আসে। মূলত মেসির গোল নৈপুণ্যেই দলটি এ পর্যন্ত এসেছে। মজার ব্যাপার হলো এ পর্যন্ত যে ছয়টি দেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে তাদের সবাই গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল। সে ধারা বজায় থাকলে আর্জেন্টিনাও কাল রাতে সুইসদের বিরুদ্ধে জিতে শেষ আটে সপ্তম দল হিসেবেই নাম লিখিয়েছে।