গৃহকর্মীদের অধিকার রক্ষায় কেন আইন নয় :হাইকোর্ট

গৃহকর্মীদের অধিকার রক্ষায় আইন প্রণয়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন সচিব, শ্রম সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। গৃকর্মীদের অধিকার রক্ষা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া। আবেদনে বলা হয়, গৃহকর্মীদের অধিকার রক্ষায় বাংলাদেশে কোনো আইন নেই। শ্রম আইনের সংজ্ঞায়ও তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ কারণে তারা পেশাগত অধিকারের ক্ষেত্রে সাংবিধানিক ও আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, সরকার চাইলে শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করতে পারে। আবার নতুন আইনও করতে পারে। উদ্দেশ্য বাস্তবায়ন হলেই হলো।