ত্বকী হত্যা মামলার আসামি সীমান্তের জামিন স্থগিত

নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি সালেহ রহমান সীমান্তকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এই আদেশ দেন। গত ২৪ জুন হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ সীমান্তকে জামিন দিয়েছিলো। জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সংক্ষিপ্ত শুনানি শেষে আপিল আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল এ্যাডভোকেট মুরাদ রেজা। গত বছরের ৬ মার্চ নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রাফিউর রাব্বির ছেলে স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ওরফে ত্বকী নিখোঁজ হয়। পরে ৮ মার্চ তার লাশ উদ্ধার করা হয়। ঐদিন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ত্বকীর বাবা মামলা করেন। ১৮ মার্চ সালেহ রহমান সীমান্তসহ কয়েকজনকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে একটি অবগতিপত্র দেন তিনি। এরপর ১৮ এপ্রিল এ মামলায় সীমান্তকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।