রাজধানীতে ছিনতাইকারীর কবলে কেশবপুর উপজেলা চেয়ারম্যান

ঢাকায় এসে ছিনতাইকারীর কবলে পড়ে ৩৮ হাজার টাকা সমমূল্যের ডলার খুইয়েছেন যশোরের কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন। গতকাল দুপুর আনুমানিক একটার সময় মতিঝিল আকিজ ভবনের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় যশোর-১ আসনের সংসদ সদস্য আপীল উদ্দিন উপস্থিত ছিলেন। এইচ এম আমীর হোসেন ইত্তেফাককে জানান, তিনি গত পরশু রাতে সরকারি সফর শেষে বিদেশ থেকে ঢাকায় ফেরেন। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে ডলার ভাঙানোর উদ্দেশ্যে আকিজ ভবনের সামনে যান। সেখানে দাঁড়িয়ে তিনি ও যশোর-১ এর সংসদ সদস্য ডলার গুনছিলেন। হঠাত্ একদল ছিনতাইকারী দ্রুত সেখানে এসে ডলারগুলো ছিনতাই করে নিয়ে যায়। ডলারের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩৮ হাজার টাকা বলে জানান তিনি।