বিদ্যার গোয়েন্দাগিরি

বিয়ের পরেও বিদ্যা বালান অভিনয়ের চমক দেখিয়ে চলেছেন। সমসাময়িক অন্যান্য বলিউড অভিনেত্রীদের তুলনায় কম সংখ্যক ছবিতে অভিনয় করেও সেরা অভিনয়ের ক্ষেত্রে বিদ্যাই এগিয়ে আছেন। অভিনয়ের ক্ষেত্রে বিশেষ কোনো গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ না রেখে একের পর এক বিচিত্র নারী চরিত্রে চ্যালেঞ্জিং অভিনয়ের প্রমাণ দেওয়া যেন তার কাজ হয়ে দাঁড়িয়েছে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে বিদ্যা অভিনীত নতুন আরেকটি ছবি ‘ববি জাসুস’। এখানেও তাকে অসাধারণ কিছু অভিনয় চমক নিয়ে উপস্থিত হতে দেখা যাবে। বিদ্যার নতুন ছবি এবং তার অভিনয় জীবনের নতুন কিছু বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন নায়ক শাসিত বলিউডে গত বেশ কয়েক বছর ধরে নারী চরিত্র প্রধান ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন বিদ্যা বালান। যেখানে নামকাওয়াস্তে নায়ক চরিত্র থাকছে বটে তবে সে চরিত্রে রূপদানকারী অভিনেতার কিছুই করার থাকছে না। বলতে গেলে পুরো ছবি নিজের নিয়ন্ত্রণে রাখছেন বিদ্যা। বলিউডে এমনিতে নায়িকাপ্রধান সিনেমা হয় না বললেই চলে। হঠাত্ মাঝেমধ্যে কিছু ছবি হয়তো হয়। আজকাল এ ধরনের ছবি হলেই বিদ্যা বালানকে দেখা যায় প্রায় ক্ষেত্রে। গত কয়েক বছরে তিনি তেমনি বেশ অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে ‘ইশকিয়া’, ‘দ্য ডার্টি পিচকার’, ‘নো ওয়ান লি্ড জেসিকা’, ‘কাহানি’ প্রভৃতি ছবির কথা বলা যায়। প্রতিটি ছবিতেই বিদ্যা ভিন্ন আঙ্গিকের বিচিত্র চরিত্রে উপস্থিত হয়েছেন, অভিনীত চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করতে সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করেছেন। এভাবেই তার অভিনীত প্রতিটি ছবিই হয়ে উঠেছে অনবদ্য অভিনয়ের দুর্দান্ত প্রকাশ। দর্শক মুগ্ধ বিস্ময়ে আবিষ্ট হয়ে বিদ্যার অভিনয় দেখেছে ছবিগুলোতে। সমালোচকদের কেউ কেউ দারুণ উচ্ছ্বাসে বিদ্যাকে ছবিগুলোর ‘হিরো’ হিসেবে অভিহিত করেছেন। এ ধরনের উচ্ছ্বসিত প্রশংসা বিদ্যাকে স্বাভাবিকভাবেই বিব্রত করেছে। নিজেকে তিনি অভিনেত্রী হিসেবেই ভাবতে চান, অকপটে বলেছেন। অভিনীত চরিত্রটি যতই জটিল ও চ্যালেঞ্জিং হোক না কেন তা রূপায়নে নিজের সর্বশক্তি প্রয়োগ করতে, নিজেকে উজাড় করে দিতে দ্বিধা কিংবা সংকোচ করছেন না বিদ্যা। ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’ ছবিগুলোতে অভিনয়ের সময়ে এটা দেখা গেছে বাস্তব জীবনের গল্প তুলে ধরতে গিয়ে সিল্ক চরিত্রে নিজেকে যথেষ্ট খোলামেলা সাজ পোশাকে চটুল নায়িকারূপে উপস্থিত করেছেন তিনি। ওদিকে ‘কাহানি’ ছবিতে একজন প্রেগন্যান্ট গৃহবধূ বিদ্যা বাগচি চরিত্রে বিশাল ভারী পেট নিয়ে ক্যামেরার সামনে ননগ্ল্যামারাস লুক নিয়ে দাঁড়াতে একটুও দ্বিধা করেননি। বরং চরিত্রটিকে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করতে প্রেগন্যান্ট মহিলাদের মতো নানা ম্যানারিজম নিয়ে উপস্থিত হয়েছেন। বিদ্যা এভাবেই হয়ে উঠেছেন বলিউডের সুপার অ্যাকট্রেস। এ বছর বিদ্যা অভিনীত ‘শাদি কে সাইড এফেক্টস’ মুক্তি পেয়েছে কয়েক মাস আগে। কমেডি রোমান্টিক ধাঁচের ছবি হলেও এখানেও তাকে ভিন্নস্বাদের অভিনয় করতে দেখা গেছে। অভিনীত চরিত্রটি হালকা কিংবা চ্যালেঞ্জিং হোক তা রূপায়নে বিদ্যার সিরিয়াস মনোভাব নির্মাতা, দর্শক, সমালোচক সবাইকে আলোড়িত করে। এ সপ্তাহে তার অভিনীত নতুন ছবি ‘ববি জাসুস’ মুক্তি পাচ্ছে। এ ছবিতে একজন নারী গোয়েন্দা চরিত্রে তাকে দেখা যাবে। নারী গোয়েন্দার চরিত্র বলিউডের কোনো সিনেমায় এর আগে এভাবে গুরুত্ব পায়নি। বলা বাহুল্য ‘ববি জাসুস’ একটি নায়িকাপ্রধান ছবি। পুরো ছবিজুড়ে নারী গোয়েন্দা ববি রূপী বিদ্যা বালানের নানা কর্মকাণ্ড দেখা যাবে। যেখানে সাসপেন্স যেমন রয়েছে তেমনি রয়েছে কমেডির স্বাদ। আর এখানে ববি জাসুস চরিত্রটির দাবি মেটাতে গিয়ে বিচিত্র বেশভূষা ধারণ করতে হয়েছে বিদ্যাকে। যা করতে গিয়ে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দর্শক এ ছবিতে বিদ্যার বিচিত্র সাজসজ্জা দেখে চমকিত হবেন সন্দেহ নেই। এর সঙ্গে তার সহজাত অনবদ্য অভিনয় তো রয়েছেই। এ ছবিতে বিদ্যার বিপরীতে একজন নায়ক থাকলেও তার তেমন জোরালো ভূমিকা নেই। এখানে বিদ্যাই সর্বেসর্বা। আজকাল বলিউডে নারী চরিত্রকেন্দ্রিক গল্পের ছবির জন্য বিদ্যা বালানের কথা চিন্তা করেন নবীন-প্রবীণ সব চিত্রনির্মাতাই। তবে বাস্তব জীবনের বিশেষ কোনো নারী চরিত্রে নির্ভর ছবিতে তিনি আর অভিনয় করতে চান না—সম্প্রতি জানিয়ে দিয়েছেন। তারপরেও একজন দক্ষিণী চিত্রনির্মাতা সাড়া জাগানো এক মালায়লী লেখিকা ও কবি কমলা দাম ওরফে মাধবী কুটের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিতব্য ছবিতে মূল চরিত্রে বিদ্যা বালানকে নেওয়ার চিন্তাভাবনা করেছেন। বিষয়টি বিদ্যাকে জানানো হয়েছে। তিনি এখনও এ বিষয়ে সিদ্ধান্ত জানাননি। যদি বিদ্যা রাজি হন আগামী বছর থেকে ছবিটির শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিয়ের পর অভিনয় জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মনোভাব প্রকাশ পায়নি বিদ্যার মধ্যে। স্বামীর এবং শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তাল মিলিয়ে চলতে তার কোনো সমস্যা হচ্ছে না। ৩৬ বছর বয়সী বিদ্যা ঠিকই জানেন সংসার জীবন ও ক্যারিয়ারের মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করতে হয়।