মগবাজারে ককটেল ও ছুরিকাঘাতে আহত ২
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২১:১৫
রাজধানীর মগবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ও ককটেল বিস্ফোরণে কোহিনূর কেমিক্যালের দুই বিক্রমকর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর ১টায় মিরেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিক্রয়কর্মী ফরহাদ হোসেন ও মইনুল হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, তারা মগবাজারে বিভিন্ন এলাকায় পণ্যের অর্ডার নেন। গতকাল মগবাজারের মিরেরটেক এলাকায় পণ্য নিয়ে গেলে ৪ যুবক তাদের কাঁধে থাকা টাকার ব্যাগ নিয়ে টানাহেঁচড়া করে। এতে বাধা দিলে ফরহাদ হোসেনের দুই কাঁধে চাপাতি দিয়ে কোপ দেয় ছিনতাইকারীরা। এ সময় তাদের চিত্কারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারা পালিয়ে যাওয়ার সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টার মইনুল হাসানের পায়ে লাগে। পরে স্থানীয়রা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কোহিনুর কেমিক্যালের বিভাগীয় বিক্রয় প্রধান কর্মকর্তা মহিউদ্দিন ভুঁইয়া বলেন, ফরহাদ ও মইনুল মগবাজারের বিভিন্ন দোকানে আমাদের কোম্পানির পণ্য সরবরাহ করতো। প্রতিদিনের মতো গতকালও তারা ওই এলাকায় পণ্য নিয়ে যায়। দুপুর ১টার দিকে মিরেরটেক এলাকায় ৪ ছিনতাইকারী পথরোধ করে তাদের ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা পালাবার সময় একটি ককটেল বিস্ফোরণও ঘটায়। এতে মইনুল হাসান গুরুতর আহত হন। তবে কতো টাকা নিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এ ব্যাপারে রমনা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এসআই আবুল কালাম আজাদ জানান, তারা ছিনতাইয়ের বিষয়টি এখনো জানেন না। তবে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করা হবে।