গৌরনদীর বেজগাতি গ্রামের ব্রিজটি এখন মরণ ফাঁদ

বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি-পশ্চিম বাউরগাতি সড়কের আকন বাড়ির পার্শ্ববর্তী ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির উপরের অংশ বহু আগে খসে পড়েছে। কিন্তু এ ব্যাপারে নজর দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত লোক এ ব্রিজের উপর দিয়ে কোনমতে যাতায়াত করছে। দুর্ঘটনা ঘটছে অহরহ। জানা গেছে, বছরখানেক আগে ব্রিজটির ওপরের অংশ খসে পড়ছে। যাতায়াতের সমস্যা হওয়ায় স্থানীয়রা নিরুপায় হয়ে ওপরের অংশে কাঠের চালি দিয়ে ঢেকে ব্রিজটিকে কোনমতে যাতায়াতের উপযোগী করেছিল। কিন্তু কাঠ নষ্ট হয়ে ব্রিজটির এখন বেহালদশা। ব্রিজটির উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। দিনের বেলা ব্রিজটির পাশ দিয়ে কোনমতে লোকজন চলাচল করতে পারলেও রাতে লোকজনকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। এ ব্যাপারে বার্থী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্রিজটির বেহাল দশা হয়েছে তা আমি এইমাত্র শুনলাম, এর আগে কেউ আমাকে জানায়নি।