সামান্য বৃষ্টিতেই বৈডাঙ্গার স্কুল মাঠে হাঁটু পানি

ঝিনাইদহ জেলার সদর উপজেলার বৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। স্কুল মাঠ নিচু হওয়ায় এ জলাবদ্ধতা লেগেই থাকে। ১৯৮৯ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দু’শতাধিক শিক্ষার্থী স্কুলে অধ্যয়নরত। এ বছর পিএসসি মডেল টেস্ট পরীক্ষার সাব-সেন্টার ছিল এ স্কুলটি। স্কুলের সিনিয়র শিক্ষক রঞ্জন কুমার পাল বলেন, মাটি ভরাটের জন্য বার বার তাগিদ দিলেও পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় আমরা এ সমস্যার সমাধান করতে পারছি না। গত ৩/৪ বছর আগে সামান্য মাটি ভরাট হলেও তাতে সমস্যার সমাধান হয়নি। জলাবদ্ধতার কারণে সাপ-পোকার ভয়ে অভিভাবকরা কোমলমতি শিশুদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। অভিভাবক ও শিক্ষার্থীরা এ জলাবদ্ধতা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।