পৃথক ঘটনায় সাতজনের মৃত্যু

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ওসমানীনগরে নিহত দুই সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তাজপুর কদমতলা ও তাজপুর বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের মৃত্যু ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আজলাবাদ এলাকায় গতকাল বুধবার সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় রায়হান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনগণ পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। রায়হান জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সেনবাগে বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু নোয়াখালীর সেনবাগের পাঁচতুপা গ্রামে গতকাল বুধবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে মো. তোফাজ্জল হোসেন মানিক (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন জানান, প্রবাসী তোফাজ্জল হোসেন মানিক সমপ্রতি দেশে এসে তাদের গ্রামের বাড়িতে একটি বিল্ডিংয়ের কাজ হাতে নেয়। নির্মাণাধীন বিল্ডিংয়ে মোটরের সাহায্যে পানি উঠাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। মাগুরায় একজন নিহত মাগুরা সদর উপজেলার বাঁশতৈল গ্রামে এক সড়ক দুর্ঘটনায় গতকাল সকালে মো. নান্টু (৩০) নামে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় নিহত বরিশালের বানারীপাড়ায় মাহেন্দ্র ও পিকআপ গাড়ির সংঘর্ষে গতকাল বুধবার সকালে আনিসুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত আনিসুর রহমান গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূঞাপুরে মহিলা নিহত বঙ্গবন্ধু সেতুপূর্ব-ভূঞাপুর সড়কের মাটিকাটার পাটিতাপাড়া এলাকায় গতকাল বুধবার দুপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের উপর উঠে তহুরা বেগম নামে এক মহিলা নিহত হয়েছেন।