সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রী রিক্তা সুলতানাকে যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে হত্যার দায়ে স্বামী সিদ্দিক গাজীকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের আদালত। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ও জেলা জজ মো. শাহেনূর এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার পদ্ম শাখরা গ্রামের ওহেদ গাজীর ছেলের সাথে কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের আফসাদ গাজীর মেয়ে রিক্তা সুলতানার ২০০৩ সালে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে রিক্তার উপর নির্যাতন শুরু করে সিদ্দিক গাজী। এর মধ্যে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এক পর্যায়ে ২০০৬ সালের ২৭ এপ্রিল রাতে গাজী রিক্তাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় রিক্তার বাবা আফসাদ গাজী সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।