নিজ উদ্যোগে বিদ্যুত্ প্লান্ট করবে সিলেট সিটি কর্পোরেশন
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২১:২০
সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটির বিদ্যুত্ চাহিদা মেটানোর লক্ষ্যে নিজস্ব উদ্যোগে বিদ্যুত্ প্লান্ট স্থাপন করতে যাচ্ছে। এর আগে সিলেট সিটি কর্পোরেশনের পরিষদের সভায় বিদ্যুত্ প্লান্ট স্থাপনের বিষয়টি অনুমোদিত হয়েছে। সোলারল্যান্ড চায়না ফ্যাক্টরির জিএম বেন্নী সুয়েরের সাথে বৈঠক শেষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, প্লান্ট স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তিনি জানান, প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াট ও দ্বিতীয় পর্যায়ে ১শ’ মেগাওয়াট বিদ্যুত্ প্ল্যান্ট স্থাপন করা হবে।
নগরভবনের মেয়রের কার্যালয়ে গত রবিবার অনুষ্ঠিত এই বৈঠকে সোলারল্যান্ড চায়না কোমপানির জি এম বেন্নী সুয়ের বলেন, গ্যাসের উপর চাপ কমাতে বিভিন্ন দেশে এখন সোলার বেইজড বিদ্যুত্ প্লান্ট স্থাপন করা হচ্ছে। তাই সিলেটেও গ্যাস নির্ভর বিদ্যুত্ প্লান্ট স্থাপনের পাশাপাশি সোলার বেইজড বিদ্যুত্ প্লান্টও স্থাপন করা যেতে পারে।
বৈঠকে উপস্থিত ছিলেন সোলারল্যান্ড বাংলাদেশ কোমপানি লিমিটেড এর ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মো: আখতার হামিদ খান।
মেয়র বলেন, সিলেট সিটি কর্পোরেশনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে সিটির নিজস্ব বিদ্যুত্ প্লান্ট স্থাপন, একাধিক ওয়াটার ট্রিটমেন্ট স্থাপন, সুয়ারেজ সিস্টেম চালু, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা ইত্যাদি। সেই লক্ষ্যে জমি অধিগ্রহণের জন্য আগামী অর্থবছরের বাজেটে অর্থও বরাদ্দ রাখা উল্লেখ করে মেয়র বলেন, এই বিদ্যুত্ প্লান্ট স্থাপনের ব্যাপারে অর্থমন্ত্রীরও আগ্রহ রয়েছে।
প্রস্তাবিত বিদ্যুত্ প্লান্ট স্থাপনে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের আহবান জানিয়ে মেয়র বলেন, সামপ্রতিক সময়ে সিলেটে প্রাইভেট সেক্টরে একাধিক বিদ্যুত্ প্লান্ট চালু করা হয়েছে, যা লাভজনকও।