তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, আগামী নির্বাচন সংবিধান মোতাবেক যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ এ হাসুমণির পাঠশালা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তৃতাকালে তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আরো সাড়ে চার বছর পর জাতীয় সংসদ নির্বাচন হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মিজানুর রহমান এবং দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাসগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক জুনায়েদ হালিম।
হাছান মাহমুদ বলেন, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে এখন জেলে রয়েছেন। যদি তিনি দুর্নীতি না করতেন অথবা এতিমের টাকা মেরে না দিতেন, তবে বেগম জিয়াকে জেলে যেতে হতো না। মন্ত্রী বিএনপি নেতাদের প্রতি তাদের দুর্নীতিগ্রস্ত নেতৃবৃন্দ ও রুগ্ন রাজনীতি ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা গঠনমূলক সমালোচনা চাই। অনুগ্রহ করে কার্যকর সমালোচনা করুন। তিনি বলেন, বর্তমান সরকার বিগত ১০ বছরে বহু উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করায় দেশ অভুতপূর্ব অগ্রগতি সাধন করেছে। তিনি আরো বলেন, অনেকগুলো প্রধান সূচকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে কাজ করে যাব। কেউ আমাদের এই গতিকে ব্যাহত করতে পারবে না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশের প্রকৃত ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে কয়েকটি স্বার্থান্বেষী মহল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্র পুনর্গঠনের জন্য দেশে ফিরে এসেছিলেন।