আদালত থেকে আসামি পলায়ন
৫ পুলিশ সাময়িক বরখাস্ত
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২১:৪৮
বাগেরহাট আদালত চত্বর থেকে গতকাল বুধবার ডাকাতি মামলার আসামি দেলোয়ার হোসেন বিল¬াল ওরফে মুন্না হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় ফিরোজুল ইসলাম, আব্দুল আজীজ, শুকরঞ্জন অধিকারী, আব্দুল মজিদ, ফারহানা আক্তারসহ ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে এএসপি হেডকোয়াটার সাদিয়া আফরোজকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এরপর থেকে পুলিশ তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। ডাকাতি মামলায় হাজিরা দিতে বাগেরহাট জেলা কারাগার থেকে ওই আসামিকে আদালতে নেয়া হয়। পালিয়ে যাওয়া আসামি দেলোয়ার হোসেন বিল¬াল ওরফে মুন্না খুলনা জেলার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের আব্দুল গফুর কাজির ছেলে। বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা জানান, ডাকাতি মামলার ওই আসামিকে কোর্টের হাজতখানা থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়ার সময় পালিয়েছে। বাগেরহাট কারাগারের জেলার মো:বদরুদ্দৌজা জানান, একটি ডাকাতি মামলায় ২৪ এপ্রিল দেলোয়ার হোসেন কারাগারে আসে।