যোগ্যতার নিরিখে এ জয়

আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা মনে করেন সুইজারল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে তার দলই ছিল শক্তিশালী। শুধু তাই নয় শেষ ষোলর লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে কষ্ট করে জিতলেও আর্জেন্টিনা যোগ্যতার নিরিখেই এ জয় পেয়েছে। তাই এখন তিনি অনেক ভারমুক্ত বোধ করছেন। বিশেষ করে খেলাটা পেনাল্টি শুটআউটে গড়ায়নি বলে। এ জন্য তিনি খেলোয়াড়দের অভিনন্দনও জানান। ব্রাজিলের সাও পাওলোয় গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে মেসির পাস থেকে ডি মারিয়ার দেয়া গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এ জয়ের পর আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপের শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পেল বেলজিয়ামকে। গ্যারিঞ্চা স্টেডিয়ামে আগামি শনিবার রাতে অনুষ্ঠিত হবে খেলাটি। কোচ সাবেলার মতে নির্ধারিত ৯০ মিনিটের খেলাতেই সুইজারল্যান্ডকে হারানোর যোগ্যতা ছিল তাদের, ‘এমন একটি ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটেই জয় পাওয়ার যোগ্য ছিলাম আমরা।’ আর্জেন্টিনার দ্বিতীয়ার্ধের সুযোগগুলোর কথা উল্লেখ করে সাবেলা বলেন,‘প্রথমার্ধে তারা (সুইজারল্যান্ড) গোলের দুইটি পরিষ্কার সুযোগ পেয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অনেক এগিয়েছিলাম। দ্বিতীয়ার্ধে এবং অতিরিক্ত সময়ে আমরা গোলপোস্ট তাক করে পাঁচ থেকে ছয়টি শট নিয়েছি। আমাদের সামর্থ্যটা ভালভাবেই জানান দিয়েছি। আমরা এই জয়ের যোগ্য।’ আর্জেন্টিনার এই জয়কে ১৯৯৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দেখানো নৈপুণ্যের সঙ্গে তুলনা করেন সাবেলা। তিনি বলেন, ‘ওই বিশ্বকাপে আমি ছিলাম সহযোগী কোচ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি প্রায় টাইব্রেকারেই গড়াতে যাচ্ছিল। কিন্তু ১২০ মিনিট পর জয় পাওয়ায় টাইব্রেকার এড়াতে পেরেছিলাম।’ সাবেলা জানান, শেষ ষোলর লড়াইটা খুবই আশঙ্কাপূর্ণ ছিল। এখানে কোনো দলই আধিপত্য দেখাতে পারেনি। আর্জেন্টিনার রক্ষাকবচ লিওনেল মেসিকেও সুইজারল্যান্ডের রক্ষণভাগ বিচক্ষণতার সঙ্গে আটকে দিতে পেরেছে বলে মনে করেন তিনি। তবে শেষের দিকে কিছুটা হলেও সুযোগ পেয়েছিলেন মেসি। এই সময়ে তার পাস থেকেই দলের একমাত্র জয়সূচক গোল করেন ডি মারিয়া। দুইবারের চ্যাম্পিয়নদের জয়টির পেছনে মার্কোস রোজো ও গোলরক্ষক সের্জিও রোমেরোর অবদানের প্রশংসা করেন ৫৯ বছর বয়সী এই কোচ। তিনি বলেন,‘রোজো আবারো দারুণ একটা ম্যাচ খেলেছে।’ গোলরক্ষক সম্পর্কে তার বক্তব্য-‘রোমেরো দারুণ একটা ম্যাচ খেলেছে। লোকজনও তার সম্পর্কে বলছে। কাজেই আমি তাকেসহ আমাদের দলে খেলা সব খেলোয়াড়কে তাদের অবদানের জন্য অভিনন্দন জানাই।’ মেসির এই পাসটা এভাবেই মূল্যায়ন করলেন আর্জেন্টিনা কোচ, ‘ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে মিডফিল্ড থেকে মেসি বল পেয়েছিল। তখন সে ছিল খুবই সুবিধাজনক অবস্থানে। তার মতো একজন খেলোয়াড় এমন একটি সুবিধাজনক অবস্থানে বল পেলে প্রতিপক্ষের জন্য তা বিপদের কারণ হতে পারে।’ শেষ ষোলর আগে শীষ্যদের বিশ্রাম দেয়ার কথা জানালেন সাবেলা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোয়ার্টার ফাইনালের আগে আমাদের অবশ্যই বিশ্রাম নেয়া দরকার। আমরা দুর্দান্ত একটা প্রয়াস চালাই এবং এর পুরস্কার পেয়েছি।’