ক্লিন্সম্যানের দৃষ্টি আগামী বিশ্বকাপে

কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবার পর, যুক্তরাষ্ট্রের কোচ জার্গেন ক্লিন্সম্যানের দৃষ্টি এখন আগামী বিশ্বকাপের দিকে। স্বপ্নভঙ্গের বেদনায় ভেঙ্গে না পড়ে, রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের জন্য মানসিক দৃঢ়তা অক্ষুণ্ন্ন রাখতে দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার নকআউট পর্বে বেলজিয়ামের কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মার্কিনীরা। তবে অতিরিক্ত সময় পর্যন্ত প্রতিপক্ষের সঙ্গে পাল্ল¬া দিয়ে লড়েছে ক্লিন্সম্যানের শিষ্যরা। নির্ধারিত নব্বই মিনিট শেষে ম্যাচ যখন অতিরিক্ত সময়ে, তখনই দুই গোল খেয়ে বসে যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে দমে না গিয়ে ফের পূর্ণ শক্তি নিয়ে ঝাপিয়ে পড়ে বেলজিয়ামের ওপর। পরিশোধ করে এক গোল। দলের এ পারফরম্যান্সে তৃপ্ত জার্মান কোচ ক্লিন্সম্যান। বিশ্বকাপের পর ব্যস্তসূচি রয়েছে যুক্তরাষ্ট্রের। এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে আঞ্চলিক টুর্নামেন্ট কনকাকাফ গোল্ডকাপের। ২০১৬ সালে তারা অংশ নেবে সেন্টেনিয়াল কোপা আমেরিকায়। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রেই। এরপর রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। এরপর ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। যেটিকে ঘিরেই এখন থেকে মানসিক প্রস্তুতির ছক কষতে শুরু করেছেন ক্লিন্সম্যান।