বড়াইগ্রামে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২২:০০
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজারে এক কোটি টাকা মূল্যের সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ করছেন এক সাবেক ইউপি সদস্য। ভূমি অফিসের নাকেরডগায় কয়েকদিন ধরে এই নির্মাণ কাজ চললেও কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন।
জানা যায়, লক্ষীকোল মৌজার .০৭ একর খাস জমি হাটের চাঁদি হিসেবে পরিচিত। গুরুদাসপুর-লক্ষীকোল-নাটোর সড়ক সংলগ্ন এই জমিতে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ীরা ছোট ছোট ঢোপঘর বসিয়ে ব্যবসা করে আসছিলেন। বাজারের ব্যবসায়ীরা জানান, গত ২০ জুন বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ওয়াজেদ আলী ক্ষুদ্র ব্যবসায়ীদের ওইসব ঘর সরিয়ে সেখানে পাকা মার্কেট নির্মাণ শুরু করেন। মঙ্গলবার পর্যন্ত সেখানে ১২টি দোকানঘর নির্মাণ করা হয়। সরেজমিন সেখানে গিয়ে দেখা যায়, মার্কেটের চারিদিকে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। চারিদিকে নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মুহা. শওকাত আলী বলেন, ঘটনাটি জানার পর আমি তহসিলদারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছি। তিনি তা না করলে আমি পদক্ষেপ নেবো।