উদ্যমী কলম্বিয়াকে রুখতে চায় ব্রাজিল
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২২:৩৯
ব্রাজিল আগামিকাল কোয়ার্টার ফাইনালে শুক্রবার উজ্জীবিত এবং উদ্যমী কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক । ফর্তেলেজার ক্যাস্টালাও স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই লড়াইয়ে জয় পেলেই নিজেদের মাঠে অমরত্ব লাভ করার পথে আরও একধাপ এগিয়ে যাবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। সেমিফাইনাল নিশ্চিত করার এই লড়াইয়ে যেমন নজর থাকছে আসরের পোস্টার ব্রাজিলের নেইমারের দিকে, তেমনি জেমস রদ্রিগেজের দিকেও নজর থাকছে সবার। যিনি শেষ ষোলর লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে দু’টি গোল করে কলম্বিয়াকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছেন।
গ্রুপপর্বে ক্রোয়েশিয়াকে ৩-১, ক্যামেরুনকে ৪-১ ব্যবধানে হারিয়ে এবং মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে বেশভালোভাবেই টুর্নামেন্ট শুরু করে স্বাগতিক ব্রাজিল। কিন্তু শেষ ষোলর লড়াইয়ে ভাগ্যের জোরে টাইব্রেকারে চিলির বিপক্ষে জয় পায় তারা। বেলো হরিজন্তেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ওই লড়াইয়ে নির্ধারিত এবং অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র হয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্য পরীক্ষায় গোল কিপার হুলিও সিজারের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় লুইস ফিলিপে স্কোলারির শীষ্যরা।
চিলির বিপক্ষে খেলে হাঁটু এবং উরুতে চোট পেয়েছেন ব্রাজিল স্ট্রাইকার নেইমার। কলম্বিয়ার বিপক্ষে খেলবেন কি-না তা এখনো নিশ্চিত নয়। এ নিয়ে উদ্বিগ্নে আছেন ব্রাজিলিয়ান ভক্তরা। সন্দেহ আরও জোরাল হয়েছে মেডিক্যাল অফিসিয়ালদের রিপোর্টে। কলম্বিয়ার বিপক্ষে নেইমারের নড়াচড়ায় সমস্যা হতে পারে বলে জানিয়েছেন তারা।
চিলির বিপক্ষে একটি গোল করা ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় ডেভিড লুইজও চোট পেয়েছেন। তার সাবেক চেলসি সতীর্থও ইনজুরিতে পড়েছেন। অস্কারের পায়ের পেছনের দিকে মারাত্মক চোট পেয়েছেন। তবে আশঙ্কা নেই তাদের সুস্থতা নিয়ে। এই দুইজনই কলম্বিয়ার বিপক্ষে পুরো ফিটনেস নিয়েই খেলবেন বলে আশা করা যাচ্ছে।
ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্বিগ্নতার বড় কারণ হয়ে দাঁড়াতে পারেন কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার রদ্রিগেজ। এখন পর্যন্ত পাঁচ গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার উপরে রয়েছেন তিনি। মোনাকোর এই স্ট্রা্ইকারের নৈপুণ্যেই শেষ ষোলতে উরুগুয়েকে ২-০ গোলে হারায় হোসে পেকারম্যানের শীষ্যরা। রদ্রিগেজের ব্যাপারে এমনটাই বলছিলেন ব্রাজিলের মিডফিল্ডার ফার্নানদিনহো, ‘ ইউরোপে আমার শুরুর সময়ের দিকে শাখতার দোনেস্কে থাকার সময় আমি তার বিপক্ষে খেলেছিলাম। তখন সে পর্তোরও প্রথম পছন্দ ছিল না।’
তবে বিশ্বকাপে রদ্রিগেজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ম্যানচেস্টার সিটির এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার, ‘এরই মধ্যে ওই ম্যাচে (উরুগুয়ের বিপক্ষে) সে পা দিয়ে তার টেকনিক্যাল গুণ দেখিয়েছে। এই বিশ্বকাপের মাধ্যমে সে দেখাচ্ছে যে, মোনাকো তার জন্য যে টাকা বিনিয়োগ করেছে, তা ভাল বিনিয়োগ। আমাদের বিপক্ষে সে যত কম সুযোগ পাবে, ব্রাজিলের জন্য ততই মঙ্গল।’
গ্রুপপর্বে কম চমক দেখায়নি কলম্বিয়া। তারকা স্ট্রাইকার রামাদেল ফ্যালকাও না থাকলেও উত্তেজনাপূর্ণ ফুটবল খেলে গ্রীসকে ৩-০, আইভরি কোস্টকে ২-১ এবং জাপানকে ৪-১ গোলে হারিয়ে পুরো নয় পয়েন্ট নিয়ে শেষ ষোল নিশ্চিত করে তারা। ‘আমরা ইতিহাস রচনা করছি’-বলেন ২২ বছর বয়সী রদ্রিগেজ।
এখন পর্যন্ত টুর্নামেন্টে তিনবার ম্যাচসেরা হওয়া এই স্ট্রাইকার আরও বলেন, ‘একজন তরুণ হিসেবে আমি সবসময় এই বিশ্বকাপে খেলতে চেয়েছিলাম। এটা আমার জন্য অনেক বড় একটি স্বপ্ন ছিল। আমি মনে করি আমরা উন্নতি ধরে রাখতে পারছি। আমরা এমন একটি দল যারা আরও বেশি জিততে চাই।’
ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়া কোনো চাপ অনুভব করছে না বলে জানালেন রদ্রিগেজ, ‘কোনো চাপ নেই। স্পষ্টত তাদের (ব্রাজিলের) অনেব ভাল খেলোয়াড় রয়েছে এবং তারা ভাল খেলে। কিন্তু আমি বিশ্বাস করি, তাদের খুবই নিবিড়ভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। আমাদেরও ভাল খেলোয়াড় রয়েছে। প্রয়োজনে আমরা ভয়াবহ হতে পারি। তাই বলা যায়, দারুণ ম্যাচ হতে যাচ্ছে এটি। ম্যাচটি আমাদের জন্য অসাধারণ কিছু হতে পারে।’