বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বর্তমান সরকারকে শর্টকাটে বিদায় করা যাবে না । এ সরকারকে বিদায় করতে হলে ধৈর্য ধরতে হবে। দলকে সুসংগঠিত করে আন্দোলন করার প্রস্তুতি নিতে হবে। তারপর কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যথায় এই সরকারকে বিদায় করা যাবে না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আবদুল মঈন খান আরো বলেন, আমাদের নিজেদেরকে আত্মসমালোচনা করতে হবে এবং যে ভুলগুলো আছে তা শোধরাতে হবে। যে পর্যন্ত আমরা আমাদের এই ভুলগুলো শোধরাতে না পারছি সে পর্যন্ত আন্দোলন করে বিজয়ী হওয়া যাবে না।
সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মহসীন আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহল আমিন গাজী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলামসহ প্রমুখ।