ফুলবাড়িতে ৪টি পিস্তল উদ্ধার, দুই চরমপন্থিসহ ৫ জন গ্রেফতার

এক দিনের ব্যবধানে বিরামপুর ও বড়পুকুরিয়া কয়লাখনি এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ৬টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে দুইজন চরমপন্থিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে দিনাজপুর ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ উপজেলার বিজুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মঞ্জুর আলম (৩৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে ভারতের তৈরি ২টি পিস্তল, ১২ রাউন্ড গুলিসহ পুলিশ আটক করে। আটক মঞ্জুর আলম হাকিমপুর উপজেলার হিলি চুড়িপট্টি এলাকার মকবুল হোসেনের ছেলে। মঞ্জুর আলমের দেয়া তথ্য অনুয়ায়ী পুলিশ অস্ত্র ক্রেতা আশরাফ উদ্দিন (২৫) ও মিলনকে (২৩) বিজুল বাজার থেকে আটক করে। এদিকে গত রবিবার বিকেলে ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনি এলাকা দিয়ে মোটর সাইকেলে অগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার সময় বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ২টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ দুই যুবককে গ্রেফতার করে। যুবকদের সাথে পুলিশের ধস্তাধস্তির সময় লোকমান আলী (৪৮) নামের এক পথচারি গুলিবিদ্ধ হন। তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।