হ্যাঁ না ধাঁধা
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২২:৪৯
‘চিটাগং হিলট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড অর্ডিন্যান্স, ১৯৭৬’ রহিত করে সংশোধনীসহ এটি পুনঃপ্রণয়নে গতকাল বুধবার সংসদে পাস হয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল, ২০১৪’। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বিলটি পাসের প্রস্তাব করার আগে সংবিধান অনুযায়ী বিলের দফাগুলো ভোটে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নিয়ম অনুযায়ী স্পিকার বলেন “আমি এখন বিলের দফাগুলো ভোটে দিচ্ছি। বিলের দফা ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা ‘হ্যাঁ’ বলুন, যারা এর বিপক্ষে আছেন তারা‘ না’ বলুন।”
বিপত্তি ঘটে এই ‘হ্যাঁ’ ‘না’ কণ্ঠভোট দেয়ার সময়। সরকারি দলের সদস্যরা হাত তুলে উচ্চৈ:স্বরে বলেন ‘না’। আর বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) ও স্বতন্ত্র সদস্যরা নিরব থাকেন, অর্থাত্ কেউ ‘হ্যাঁ’ ভোট দেননি। স্পিকারও ভুলে-ভুলে বলেন ‘আমার মনে হয়-হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে; অতএব দফাগুলো বিলে অন্তর্ভুক্ত হলো।’ এসময় ভুল ধরিয়ে দেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম। মাইক ছাড়াই নিজ আসনে বসে স্পিকারের উদ্দেশে সেলিম বলতে থাকেন ‘ঠিক আছে মাননীয় স্পিকার, ঠিক আছে মাননীয় স্পিকার, দফাগুলো কণ্ঠভোটে পাস হয়নি, এগুলো বাদ দিন, কারণ সরকারি দল ‘না’ ভোট দিয়েছে’।
হাজী সেলিমের এই আবেদন খেয়াল করেননি স্পিকার। তবে খেয়াল করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। কণ্ঠভোটে সরকারি দলের ‘হ্যাঁ’ ভোটের বদলে ‘না’ ভোট দেয়ার ভুল বুঝতে পেরে এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ সরকারি দলের কয়েকজন সদস্য হাসতে থাকেন। প্রধানমন্ত্রী তাকান স্পিকারের দিকে। এসময় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা স্পিকারের কাছে গিয়ে ভুলের বিষয়টি তুলে ধরেন।
সরকারি দলের সদস্যদের ভুল ভোট ও নিজের ভুল বুঝতে পারেন স্পিকার। এবার স্পিকার বলেন ‘মাননীয় সদস্যবৃন্দ রোজায় ধরেছে নাকি’। ভুল শুধরাতে স্পিকার আবারও বিলের দফাগুলো ভোটে দেন। এবার আর ভুল করেননি সরকারি দলের সদস্যরা, সবাই বলে ওঠেন ‘হ্যাঁ’। স্পিকারও এবার সঠিকভাবেই বলেন ‘ আমার মনে হয়-হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে; অতএব দফাগুলো বিলে অন্তর্ভুক্ত হলো’।