সারাদেশে আবার র্যাবের টহল
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২২:৫০
একচল্লিশ দিন পর গতকাল বুধবার থেকে সারাদেশে আবার র্যাবের টহল শুরু হয়েছে। রমজান ও ঈদে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি এলিট ফোর্স নামে খ্যাত পুলিশের এই বিশেষ ইউনিটটি আবার মাঠে সরব হলো।
র্যাবের মুখপাত্র (লিগ্যাল মিডিয়া উইংয়ের পরিচালক) এটিএম হাবিবুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আবার র্যাব টহল শুরু করেছে। যা কিছু দিন বন্ধ ছিল। তিনি বলেন, রমজানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব অতীতে যেভাবে দায়িত্ব পালন করেছে সেভাবেই দায়িত্ব পালন করবে।
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনার পর গত ২১ মে রাজধানীসহ সারাদেশে র্যাবের টহল কার্যক্রম কিছুটা কমিয়ে আনা হয়। এ অবস্থায় ২৬ মে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট কাজের বাইরে কোন কাজে অংশ নেবে না র্যাব। এরপর থেকে নগরীর কোন সড়কে টহল বা চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা যায়নি র্যাব সদস্যদের।