বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির প্রতিবাদ

টিআইবির প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে অ্যাসোসিয়েশন অব নন-গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এএনইউবি) এক বিবৃতিতে বলেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এএনইউবির চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, টিআইবি প্রকাশিত প্রতিবেদনে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ২২টি বিশ্ববিদ্যালয়ের ওপর জরিপ পরিচালনা করায় অসম্পূর্ণ তথ্য উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়, এই অসম্পূর্ণ ও অপূর্ণাঙ্গ তথ্যভিত্তিক প্রতিবেদন শিক্ষার্থী, অভিভাবকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। বিবৃতিতে আরো বলা হয়, ঢালাওভাবে অভিযোগ করে দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবেন না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশে উচ্চতর আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটিয়েছে।