ভূমি রক্ষা কমিটি ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি

আগামীকাল ভোর ৬টা হতে রাত ১২টা পর্যন্ত খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা পরিষদ থেকে বাবুছড়া বাজার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাবুছড়ায় ৫১ বিজিবি ব্যাটালিয়ন স্থাপনকে কেন্দ্র করে বৃহস্পতিবার একই স্থান ও একই সময়ে দুই পক্ষের মানববন্ধনসহ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার কারণে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ঘোষণা দিয়েছেন। বাবুছড়ায় বিজিবি ব্যাটালিয়ন প্রত্যাহার ও উচ্ছেদ হওয়া পাহাড়ীদের বসতভিটা ফিরিয়ে দেয়ার দাবিতে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি, অপরদিকে বিজিবি দপ্তরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। উল্লেখ্য, ১০ জুন বাবুছড়ায় বিজিবি‘র ৫১ ব্যাটালিয়ন স্থাপনে স্থানীয় পাহাড়ীরা বাধা দিলে সংঘর্ষ হয়। এতে ৬ বিজিবি সদস্য ও ১৩জন গ্রামবাসী আহত হন। ওই ঘটনার পর বেশ কয়েকটি পরিবার বাবুছড়া হাইস্কুলে আশ্রয় গ্রহণ করে। এদিকে পার্বত্য চট্টগ্রামের সর্বশেষ অবস্থা, শান্তিচুক্তির অগ্রগতি এবং বাবুছড়ার ঘটনা সম্পর্কে জানতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল খাগড়াছড়ি এসেছে।