ছাত্রলীগ পদ ও গাড়ি-বাড়ি দিতে চেয়েছিল: ভিপি নূর

ঢাকার বাইরে অনুষ্ঠান করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হওয়ার পর ডাকসুর ভিপি নুরুল হক নূর দাবি করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে পদ নেওয়ার প্রস্তাব করা হয়েছিল তাকে। এছাড়া তাদের সঙ্গে রাজনীতি করলে এবং কথার বাইরে না গেলে ‘বাড়ি-গাড়ি’ দেওয়ারও প্রস্তাব করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তবে তার এই বক্তব্য নাকচ করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেছেন, ‘অবান্তর ও হাস্যকর’ কথা বলেছেন নূর। তিনি এখন ‘শারীরিক ও মানসিকভাবে অসুস্থ’।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূর। তিন দশক পর গত মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ওই পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত তিনি।  নূর ভিপি নির্বাচিত হওয়ায় ছাত্রলীগ প্রথমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও পরে তার সঙ্গে হাত মেলায়। নবনির্বাচিত ভিপি হিসেবে নূরও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মাঝে হারানো মাকে খুঁজে পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

নূর এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হল শাখা ছাত্রলীগের উপ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন।

নূরকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদের প্রস্তাব দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, তার এই দাবি ‘অবান্তর’ ও ‘হাস্যকার’। ‘তাকে কোন দুঃখে বা কোন সুখে ছাত্রলীগের পদ দেওয়া হবে?’