ডিএসই’র রাজস্ব আদায় বেড়েছে

মে মাসের তুলনায় জুন মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় রাজস্ব বেড়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে। জুন মাসে ডিএসই’র মাধ্যমে মোট ১২ কোটি ৮ লাখ ৫১ হাজার ৪৬ টাকার রাজস্ব আদায় করেছে সরকার। যা মে মাসে ছিল ৯ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ১১৪ টাকা। জুন মাসে ডিএসই’র সদস্যরা ৭ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৭০৫ টাকা রাজস্ব পরিশোধ করে। যার পরিমাণ মে মাসে ছিল ৫ কোটি ৮৪ লাখ ৫৭ হাজার ৬৬২ টাকা। এদিকে কোম্পানি উদ্যোক্তাদের শেয়ার ও প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে মে মাসে ৪ কোটি ৩৫ লাখ ১ হাজার ৩৪১ টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে। যার পরিমাণ মে মাসে ছিল ৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ৪৫২ টাকা। লেনদেন বাড়লেও সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেন কিছুটা বাড়লেও সূচকে বড় ধরনের পতন ঘটেছে। এই দিন ১৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে ডিএসইতে। এদিকে প্রধান সূচক ৩০ পয়েন্ট কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৬১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। মোট লেনদেনে অংশ নিয়েছে ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টি কোম্পানির শেয়ারের। দর কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। এদিকে, ডিএসইএক্স বা প্রধান সূচক ৩০ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ কমে অবস্থান করছে ৪ হাজার ৪৩৬ পয়েন্টে। আর শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২ পয়েন্টে। টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হল-অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, হোটেল পেনিনসুলা চিটাগং, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড, এমজেএল বিডি এবং আলহাজ্ব টেক্সটাইল। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৭৮ পয়েন্টে। সিএসইতে এই দিন লেনদেন হয়েছে ১৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।