তাইওয়ানে ওষুধ রপ্তানি করবে বেক্সিমকো ফার্মা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২০:৫৬
বেক্সিমকো ফার্মা তাইওয়ান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (টিএফডিএ) থেকে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস সার্টিফিকেট পেয়েছে। এর ফলে তাইওয়ানে বেক্সিমকোর ওষুধ রপ্তানির পথ উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মা। প্রাথমিকভাবে ওরাল সলিড, ইনহেলার ও স্টেরিল আই ড্রপের জন্য অনুমোদন পেয়েছে বেক্সিমকো ফার্মা। এই অর্জনের মাধ্যমে শুধু তাইওয়ান নয় অন্য আসিয়ান দেশগুলোতেও ওষুধের বাজার উন্মুক্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাদের বিশ্বমানের উত্পাদন ব্যবস্থায় এজিইএস (ইইউ), টিজিএ (অস্ট্রেলিয়া) এবং এএনভিআইএসএ (ব্রাজিল)সহ আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা থেকে জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস) অনুমোদন পেয়েছে। বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, ‘আমাদের কোম্পানীতে যে উচ্চ গুণগত মান বজায় রেখে ওষুধ উত্পাদন করে তার স্বীকৃতিপত্র এই অনুমোদন। বিশ্বব্যাপী একটি জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পরিণত হওয়া এবং নিয়ন্ত্রিত বাজারে নিজেদের উপস্থিতি মজবুত করার প্রচেষ্টায় এটি একটি কার্যকরী পদক্ষেপ।”- প্রেস বিজ্ঞপ্তি