কাউনিয়ায় কলাগাছের সঙ্গে শত্রুতা
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:০৮
রংপুরের কাউনিয়ায় জমি সংক্রান্ত দ্বন্দ্বে প্রায় সাড়ে আটশ’ কলার গাছ কর্তন করেছে বোন জামাই।
জানা গেছে, উপজেলার হলদীবাড়ি গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আতাউর রহমান সোয়া এক একর জমি বর্গা নিয়ে কলার চাষ শুরু করেন। নিজের পরিবার এবং শ্রমিক নিয়ে প্রতিদিন কলার ক্ষেতে শ্রম দিয়ে প্রায় এক হাজার তিন’শ গাছে ফলন এনেছে। গত মঙ্গলবার গভীর রাতে তার বোন জামাই ইব্রাহীম সকলের অগোচরে সেই কলা ক্ষেতের প্রায় সাড়ে আট’শ কলার পির কেটে ফেলে বলে জানা গেছে। বর্তমান বাজারে যার মূল্য প্রায় সোয়া দুই লাখ টাকা।
আতাউর রহমান জানান, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ১২ শতক জমি নিয়ে ওয়ারিশদের সাথে ঝগড়া-বিবাদ চলে আসছে। অন্য ওয়ারিশরা কিছু না বললেও বোন জামাই উপজেলার সদরাতালুক গ্রামের নবীর পিয়নের ছেলে ইব্রাহীম গত রবিবার তাকে জমি ফেরত দেয়ার জন্য হুমকি দেয় এবং তা না হলে তার কলা বাগান শেষ করে দিবে বলে হুমকি প্রদান করেন।