খানসামায় কুশি ধানে কৃষকের মুখে হাসি
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:০৯
নীলফামারীর সৈয়দপুর উপজেলার পার্শ্ববর্তী দিনাজপুরের খানসামা উপজেলায় ইরি-বোরো কাটার পর কুশি থেকে আবারও ধান উত্পাদন করে কৃষকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ধান চাষী শাহীনুর আলম।
উপজেলার গোয়ালডিহি গ্রামের কৃষক শাহীনুর আলম ইরি-বোরো মৌসুমে ১ একর ২৫ শতক জমিতে ব্রি ধান-২৮ চাষ করেন। মে মাসের শুরুতে এসব ধান কেটে ঘরে তোলেন। এর পর গাছের গোড়া কাঁচা থাকায় দ্রুত নতুন কুশি বের হয়। কোন প্রকার সেচ ও সার প্রয়োগ ছাড়াই শুধুমাত্র কয়েকবার কীটনাশক স্প্রে করে চাষকৃত এসব মুড়ি ধানের মাঝারি ধরনের ফলন হয়েছে।
নতুন এ পদ্ধতিতে মুড়ি থেকে ধান চাষ সেখানকার উপজেলা কৃষি অফিসার এজাজুল হক জানান, ধানের মুড়ি থেকে আবার ধান চাষ নিঃসন্দেহে নতুন পদ্ধতি। বিশেষ করে ব্রি ধান-২৮ ও ২৯ ধানের গোড়া কাঁচা থাকে। তাই ধান কাটার পর এসব ধান গাছের মুড়ি থেকে কুশি বের হয়। আর এসব মুড়ি থেকে পুনরায় ধান উত্পাদন সম্ভব।