সংসদে পল্লী সঞ্চয় ব্যাংক বিল পাস

পল্লী এলাকার গরিব, সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ নামে একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে। এ লক্ষ্যে গত বুধবার জাতীয় সংসদে ‘পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪’ পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে। ব্যাংকটি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। পল্লী সঞ্চয় ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা রাখার বিধান রাখা হয়েছে। পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা রাখা হয়েছে। পরিশোধিত মূলধনের ৫১ শতাংশ দেবে সরকার। ৪৯ শতাংশ দেবে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অধীনে গঠিত সমিতি। বিশেষায়িত এই ব্যাংকের পরিচালনা পর্ষদে ১৬ জন সদস্য থাকবেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল পাস বুধবার সংসদে ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল-২০১৪’ পাস হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল জনগোষ্ঠীর সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে ১৯৭৬ সালে ‘দি চিটাগং হিল ট্রাক্টস ডেভেলপমেন্ট বোর্ড অর্ডিন্যান্স ১৯৭৬’ জারির মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সৃষ্টি করা হয়। এই বোর্ড বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে তিনটি পার্বত্য জেলায় উন্নয়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।