বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পর্যায়ের ফাইনাল গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ বালকদের মধ্যে জামালপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা গোল্ডকাপ বালিকাদের মধ্যে নারগানা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নগরকান্দায় ফাইনাল অনুষ্ঠিত নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের নগরকান্দা উপজেলার এম এন একাডেমী মাঠে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। খেলায় উপস্থিত ছিলেন ইউএনও আবদুল আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান সুমন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোর্তেজা আহসান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন মোল্যা, বশির আহম্মেদ, শিক্ষক সমিতির সভাপতি সামাদ মিয়া, সম্পাদক মোজাফ্ফর হোসেন প্রমুখ।