অবশেষে রায়গঞ্জের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:১২
অবশেষে রায়গঞ্জের ঘুড়কা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ ইউএনও মোঃ ফিরোজ শাহ সরেজমিনে ঐ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান হারুনর রশিদ শাহীনের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু করেন। তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযোগকারী ৫ জন ইউপি মেম্বার ও অভিযুক্ত চেয়ারম্যানের জবানবন্দি গ্রহণ করা হয়। এ সময় তদন্তকারী কর্মকর্তা ঐ ইউনিয়নের উন্নয়ন প্রকল্পসমূহের নথিপত্র পর্যবেক্ষণ করে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন। শেষে তিনি সাংবাদিকদের জানান, অভিযোগের বিষয়ে সরেজমিনে প্রকল্প এলাকায় আরো তদন্ত হবে।
উল্লেখ্য, গত ১ জুন ৪ নং ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ শাহীনের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে টিআর, কাবিখা, কাবিটা ও এলজিএসপি এলআইসির বরাদ্দকৃত ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ না করে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন ঐ ইউনিয়ন পরিষদের ৫জন মেম্বার।