মিল্কভিটার সাবেক তত্ত্বাবধায়কের বিরুদ্ধে চার্জশিট

প্রায় ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মিল্কভিটার বরখাস্তকৃত তত্ত্বাবধায়ক ও মিরপুর বিক্রয়কেন্দ্রের ইনচার্জ মো. খায়রুল ইসলাম আল মাজীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমপ্রতি কমিশনের বৈঠকে এই চার্জশিট অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, ২০১২ সালের ২২ এপ্রিল দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। দুদক সূত্রে জানা যায়, মিল্কভিটার দুধ ও দুগ্ধজাতীয় বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করে প্রতিষ্ঠানটির সোনালী ব্যাংক, মিরপুর শাখায় নির্দিষ্ট হিসাবে তা জমা না দিয়ে ৪১ লাখ ৭৮ হাজার ৩২৮ টাকা আত্মসাত্ করেন মো. খায়রুল ইসলাম। তিনি ২০০৯ সালের মার্চ থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত ওই টাকা আত্মসাত্ করেন। দুদকের তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়া কমিশন চার্জশিট অনুমোদন দেয়।