আইইউটি সেনোভেশনে সৃজনশীল ইভেন্ট
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:১৪
ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (CEE) বিভাগ আয়োজিত সেনোভেশন ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। গত বছরের মত সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে দেশজুড়ে মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং-এ অধ্যয়নরত শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং পরিবেশবান্ধব উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হয় দিনব্যাপী এ অনুষ্ঠান। ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।
গত ২৭ জুন সকাল ৯টায় আইইউটি অডিটোরিয়ামে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্যা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) -এর সভাপতি ড. ইঞ্জিনিয়ার এম শামীম জেড বসুনিয়া। বিশেষ অতিথি ছিলেন আইইউটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম ইমতিয়াজ হোসাইন। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) ফেরদৌস হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (CEE) ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. রেজাউল করীম। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন- মডারেটর, আজিজ হাসান মাহমুদ ও এম রিফাত ইবতেসাম রহিম।
সকাল ১১টায় উদ্বোধনীর পালা শেষ হবার পর প্রতিযোগীদের রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়, সাথে চলতে থাকে নাস্তা বিতরণ। সকাল সাড়ে ১১টার মধ্যেই প্রজেক্ট এবং পোস্টার প্রেজেন্টেশনের প্রতিযোগীরা তৈরি হয়ে যান দর্শনার্থীদের জন্য। আইইউটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিযোগীদের পোস্টারে ছেয়ে যায় পুরো আইইউটি অডিটোরিয়াম। আর অডিটোরিয়ামের পাশে অ্যানেক্স রুমে চলতে থাকে প্রজেক্ট প্রদর্শনী।
এদিকে একই সময় নতুন একাডেমিক ভবনের দুই, পাঁচ এবং ছয় তলা জুড়ে শুরু হয় মেকানিক্স অলিম্পিয়াড। বিপুল সংখ্যক প্রতিযোগী এক ঘণ্টা ধরে সমাধান করার চেষ্টা করেন জটিল সব সমস্যা। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত থাকে নামাজ এবং দুপুরের খাবারের বিরতি। বিরতির পর সেমিনার রুমে শুরু হয় কেস স্টাডি অ্যানালিসিস। অনলাইনে প্রতিযোগীদের কাছে রিপোর্ট আহ্বান করা হলে অনেকেই জমা দেন; কিন্তু বিচারকরা যাচাই-বাছাই করে শ্রেষ্ঠ পাঁচটি দলকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করেন। এ পাঁচটি দলের প্রতিটি ১২ মিনিট করে সময় পায় তাদের অ্যানালিসিস তুলে ধরার জন্য। সাথে থাকে প্রশ্নোত্তর পর্ব।
বেলা ৩টা থেকে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন এবং প্রজেক্টের বিচারকার্য। বিচারকার্য সম্পাদনে অংশ নেন আইইউটি এবং বুয়েটের সিনিয়র শিক্ষকগণ। সমাপনী পর্বে অতিথিদের বক্তব্যের পর ঘোষণা করা হয় আয়োজিত পাঁচটি প্রতিযোগিতার ফলাফল, আর বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।