ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে

নকশা প্রণয়নে পরামর্শকের কাজ পেল অস্ট্রেলিয়ার এসএমইসি ইন্টারন্যাশনাল

গতকাল ঢাকার তেজগাঁওয়ের সড়ক ভবনের সভাকক্ষে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। সওজ-এর প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজখান এবং অস্ট্রেলিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এসএমইসি ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা গ্যাভিন হ্যারল্ড স্ট্রিড নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। সড়ক বিভাগসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এডিবি’র আর্থিক সহায়তায় সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের পরামর্শক সেবার ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার টাকা। পরামর্শক প্রতিষ্ঠান ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রকল্পের সমীক্ষা কার্যক্রম পরিচালনা করবে। —তথ্য বিবরণী।