সিলেটে টমটম চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল সমাবেশ
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২২:২২
নগরীতে ইজিবাইক (টমটম) চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গতকাল টমটম মালিক ও চালকরা মিছিল-সমাবেশ করেছেন। বৃহসপতিবার সিলেট মহানগর ইজিবাইক সমিতির ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন।
তারা ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা ইজিবাইকগুলো মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানান।
গত বুধবার থেকে সিলেট নগরীর প্রাণকেন্দ্রে ইজিবাইক চলাচলের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। এ সময় শতাধিক ইজিবাইক জব্দ করে পুলিশ লাইন মাঠে আটকে রাখা হয়।
সিলেট নগরীকে যানজট মুক্ত করার উদ্দেশ্যে গত বুধবার থেকে মাঠে নামে পুলিশ। প্রথম দিনেই নগরী থেকে কয়েকশ টমটম ও ব্যাটারী চালিত রিক্সা আটক করা হয়। এদিকে টমটমের উচ্ছেদ অভিযানে অনেকটাই যানজট মুক্ত নগরীর প্রধান প্রধান সড়কগুলো। তবে এই রমজানে নগরবাসী অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছেন। রিক্সা ভাড়াও বেড়ে গেছে।
আবার কোথাও কোথাও সিএনজি অটোরিক্সা ভাড়া নিয়ে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনারও খবর পাওয়া যায়। টমটমের অনুপস্থিতিতে রিক্সা বা সিএনজি ভাড়া হয়েছে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ।
তবে এই অভিযোগ অস্বীকার করে চালকেরা বলেন, টমটমের মত ভাড়া নিয়ে তাদের পোষাবে না। কারণ তাদের গাড়ি চালাতে তেল-গ্যাসের প্রয়োজন হয়। তাই টমটমের চেয়ে একটু ভাড়া বেশি হবেই।