আজ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

আজ ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ২৩৮ বছর আগে এই দিনে ফিলাডেলফিয়ায় স্বাধীনতার ঘোষণা দেয়া হয়। সেই থেকে প্রতিবছর এ দিনে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে সকল বর্ণ, ধর্ম, বিশ্বাস, লিঙ্গ, সংস্কৃতি ও প্রজন্মের মধ্যে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। যুক্তরাষ্ট্রে তথা সারা বিশ্বের গণতন্ত্রের সুপরিচিত নিদর্শন ‘স্ট্যাচু অব লিবার্টি’ স্বাধীনতা দিবসে চমত্কার ও নয়নাভিরাম আতশবাজি দিয়ে সাজানো হয়। নিউইয়র্ক বন্দরে প্রবেশপথে স্থাপিত এই বিশাল মূর্তিটি ৯৩ মিটার উঁচু। ফ্রান্স ১৮৮৬ সালে উপহার হিসেবে যুক্তরাষ্ট্রকে মূর্তিটি প্রদান করে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিশেষ সম্মিলন, বনভোজন, কুচকাওয়াজ ও আতশবাজি পোড়ানোসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা স্বাধীনতা দিবস উপলক্ষে এক বাণী দিয়েছেন। এতে তিনি বলেন, নতুন জাতির জন্ম কখনোই সহজ নয় এবং প্রায়ই তা হয় সহিংস সংগ্রামের মধ্যে। তেমনি এক ঘটনা ২৩৮ বছর আগে কুয়াশাচ্ছন্ন ফিলাডেলফিয়াতে ঘটেছিল যখন আমেরিকার প্রতিষ্ঠাতারা ব্রিটিশ রাজ থেকে স্বাধীনতা ঘোষণা করে একটি কাগজে তাদের সাহসিকতার স্বাক্ষর করেছেন। এভাবেই শুরু হয়েছিল সংগ্রাম যা চলেছে সাত বছর; একটি সংগ্রাম যা জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ পর্যন্ত আমেরিকা সংগ্রাম করে চলেছে গণতন্ত্রকে পরিপূর্ণ করতে। এই প্রত্যাশা ২০০ বছর আগে আমাদের নতুন জাতি সৃষ্টির পেছনে ছিল। তেমনি, ৪৩ বছর আগে বাংলাদেশ তার মুক্তি ও স্বাধীনতা অর্জনে সংগ্রাম করেছে, যখন এই জাতির কৃতী সন্তানদের অনেককেই হারাতে হয়েছে। আমেরিকা ও বাংলাদেশ প্রতিটি দেশই তাদের নিজস্ব ধারায় নাগরিকদের জীবনের মান উন্নয়নে কাজ করছে। আমি গর্বিত যে, আমেরিকা বাংলাদেশের অংশীদার, উভয়েই একই মূল্যবোধ নিয়ে একই লক্ষ্যে একসাথে কাজ করে যাচ্ছে। আমেরিকা বাংলাদেশের বৃহত্তম বিনিয়োগকারী, বৃহত্তম একক বাজার এবং প্রধান রেমিটেন্স ও উন্নয়ন সহায়তার দেশ। বাংলাদেশের পোশাক খাতের রূপান্তরে, এ খাতকে অগ্নি নিরাপত্তা, কারখানার কাঠামোগত দৃঢ়তা এবং শ্রমিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান উন্নয়নে আমেরিকা তার কাজ করবে। তিনি বলেন, আজকের এই দিনে যখন আমেরিকা তার ২৩৮ বছর আগের অভিজ্ঞতাকে উদযাপন করছে, আমি পুনরায় সংকল্প করছি বাংলাদেশের সাথে আমার মিশন এবং আমার সরকারের আরোবিস্তৃত, আরো গভীর এবং আরো শক্তিশালী অংশীদারিত্ব দুই দেশের জনগণের সুবিধার জন্য হবে।