ভারতের কাছে বাংলাদেশ লিখে দিতে প্রস্তুত খালেদা জিয়া
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২২:২৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ ‘বিকিয়ে’ ক্ষমতায় যাওয়ার পথ ধরেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ভারতকে তিনি (খালেদা জিয়া) বাংলাদেশকে লিখে দিতে প্রস্তুত। তিনি বোঝাতে চেয়েছেন, তাকে ক্ষমতায় নেয়া হলে তিনি ভারতকে সবকিছু দিয়ে দিতে প্রস্তুত। তার কথায় এটাই প্রতীয়মান হয়েছে। তিনি যে, ভারতের দালালি করতে চান, সেটি তার নিজের বক্তব্যেই প্রমাণ হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের পর ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া বিএনপি চেয়ারপারসনের সাক্ষাত্কার ধরে গতকাল বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএনপি সারাজীবন বলে এসেছে, আওয়ামী লীগ ভারতের দালাল, ভারতের তল্পিবাহক। এটা যে অসারতা ও মিথ্যা তা আজ প্রমাণিত। খালেদা জিয়ার বক্তব্যেই প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ ভারতের নয়, নিজ দেশের স্বার্থেই কাজ করে।