খুলনায় প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী শিক্ষক গ্রেফতার
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২২:২৮
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুকে কটূক্তিকারী নর্দান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক রাজীব হাসানাত শাকিলকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেছে। সকালে সোনাডাঙ্গা থানার এসআই আহম্মেদ আনোয়ার শিক্ষক রাজীব হাসানাত শাকিলকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তির অভিযোগ আনা হয়েছে।
নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ আহম্মদ জানান, গত ২৬ জানুয়ারি শ্রেণিকক্ষে পাঠদানের সময় রাজীব হাসানাত ওই কটূক্তি করেন। এ ঘটনায় গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে একটি মামলা হয়। রাজীব হাসানাত শাকিল ও ক্যাম্পাস ইনচার্জ অধ্যাপক ড. আনোয়ারুল করীমকে বিবাদী করে এ মামলা দায়ের করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ওসি জানান, মামলা দায়েরের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজীব হাসানাতকে ক্যাম্পাস থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৫টায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, রাজীব হাসানাত কটূক্তি করলে ওই ক্যাম্পাসের আইন বিভাগের ছাত্র মো: নাঈম প্রতিবাদ জ্ঞাপন এবং ক্যাম্পাস ইনচার্জকে জানালে কোন প্রতিকার না করে উল্টো তাকে হয়রানি ও তার ছাত্রত্ব বাতিল করা হয়। এছাড়া তাকে পরীক্ষায়ও অংশগ্রহণ করতে দেয়া হয়নি।
এ ব্যাপারে নর্দান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের ইনচার্জের সঙ্গে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।