বিমান চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২২:২৯
আধুনিক ও বাস্তবসম্মত জনবলকাঠামো তৈরি ও বাস্তবায়নসহ ১৪ দফা দাবিতে এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদের কার্যালয় বলাকা ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির সিবিএ নেতৃত্বাধীন শতাধিক শ্রমিক ও কর্মচারী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।
ঘেরাও কর্মসূচি চলাকালে বিমান শ্রমিক লীগের (সিবিএ) সভাপতি মশিকুর রহমান ঘোষণা করেন, দাবি আদায়ে আগামী ৯ জুলাই বুধবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত বলাকা ভবনে শ্রমিক ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করবেন। এর আগে গত সোমবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের নির্বাচিত ইউনিয়ন (সিবিএ) বিমান শ্রমিক লীগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় আড়াই ঘণ্টা ঘেরাও করে।
বিমানের শ্রমিক কর্মচারীদের ১৪ দফা দাবির অন্যগুলো হলো- বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রম রক্ষায় অতিসত্বর প্রয়োজনীয় জনবল নিয়োগ, সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রের পোশাকের (ইউনিফর্ম) ভাতা চালু, পাঁচ বছরের বেশি কর্মরত সব অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, অন্যান্য শাখার মতো বিএফসিসির কর্মচারীদের ভবিষ্যত্ তহবিল ব্যবস্থা চালু, পরিপূর্ণ চিকিত্সা সুবিধা, গোষ্ঠী বীমার ব্যবস্থা প্রভৃতি।