ভারতে জার্মান বেকারি বিস্ফোরণের মূল হোতা ঢাকার জাহিদ গ্রেফতার

২০১০ সালে পুনের জার্মান বেকারি বিস্ফোরণে জড়িত সন্দেহে ঢাকার বাসিন্দা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)। বুধবার রাতে কলকাতা স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ ইন্ডিয়ান মুজাহিদিনের শীর্ষনেতা ইয়াসিন ভটকলের ঘনিষ্ঠ। জাহিদকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ১৩ ফেব্রুয়ারি ২০১০। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে পুনের জার্মান বেকারি। এ ঘটনায় মৃত্যু হয় ১৭ জনের। তদন্তে নেমে এনআইএ জানতে পারে এ ঘটনার পিছনে ছিল ইন্ডিয়ান মুজাহিদিন ও তার শীর্ষনেতা ইয়াসিন ভটকল। মেলে কলকাতা কানেকশনের সূত্রও। আর সেই সূত্র ধরেই গতবছর কলকাতাতেই ধরা পড়ে ভটকল। এবার তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে জাহিদকে গ্রেফতার করে কলকাতার পুলিশ। এসটিএফ সূত্রে খবর, বাংলাদেশ সীমান্তের বেনাপোল থেকে ট্রেনে শিয়ালদা স্টেশনে এসে নেমেছিল জাহিদ। এনএইএ-র দেওয়া তথ্যের ভিত্তিতে গোটা পথটাই তাকে অনুসরণ করে গিয়েছিল কলকাতা পুলিশ। শিয়ালদা থেকে বাসে কলকাতা স্টেশন পৌঁছতেই জাহিদকে ঘিরে ফেলে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০টি একে-৪৭ রাইফেলের গুলি। দেড় লক্ষ জাল রুপি এবং ডিটনেটর। পুলিশ সূত্রে খবর জার্মান বেকারি বিস্ফোরণ ব্যবহূত বিস্ফোরক বাংলাদেশ থেকে কলকাতায় ভটকলের ডেরা পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা করেছিল জাহিদ। আগে ছিল সিমি-র সদস্য। সেই সূত্র ধরেই পরিচয় জঙ্গি নেতা আবদুল করিম টুন্ডার সঙ্গে। এরপর ধীরে ধীরে জাহিদ চলে আসে ইন্ডিয়ান মুজাহিদিনে। হয়ে ওঠে ভটকলের অন্যতম বিশ্বাসভাজন। ঘটনার পর বেশ কিছুদিন জাহিদ বাংলাদেশে গিয়েছিল। বাংলাদেশে তার কাদের সঙ্গে যোগাযোগ খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।