এনায়েতপুরে নদীভাঙন রোধে কাজের কাজ কিছুই হয়নি

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী আবারো প্রচণ্ড রূপ ধারণ করেছে। এই এলাকার চাঁদপুর থেকে দক্ষিণে হাটপাঁচিল পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভয়াবহ ভাঙ্গন। গত দুই বছরের ভাঙ্গনে সহস্রাধিক ঘরবাড়ি বিলীনের পর আরো ভেঙ্গে গেছে ৪ সহস্রাধিক একর আবাদি জমি ও কয়েকশ ঘরবাড়ি। বর্তমানে ভাঙ্গনের দ্বারপ্রান্তে সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্পার আর প্রায় ১২শ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহত্ খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং মাজারসহ অসংখ্য ঘর-বাড়ি এবং হাজারো তাঁত কারখানা। এ অবস্থায় নদী ভাঙ্গন রোধে ৭ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা কাজের গত ২৪ জুন উদ্বোধন করা হলেও ১০ দিনেও কাজ শুরু হয়নি। এলাকাবাসী এ ব্যাপারে পানি সম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বন্যার শুরুতেই যমুনার এমন তাণ্ডব আগে দেখেনি এলাকাবাসী। যমুনার পশ্চিম তীরে মুহূর্তের মধ্যেই বিলীন হচ্ছে ঘর-বাড়ি আর আবাদি জমি। চাঁদপুর, বেতিল চর, এনায়েতপুর, ব্রাহ্মণগ্রাম, আড়কান্দি, জালালপুর, বাঐখোলা, হাটপাঁচিল জুড়ে এখন কেবলই ভাঙ্গন। ২০০০ সালে বিস্তীর্ণ তাঁত শিল্প এলাকা, খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, মাজার রক্ষায় নির্মিত প্রায় এক কিলোমিটার লম্বা সলিড স্পারের পূর্ব অংশে ফাঁটল দেখা দিয়েছে এবং এটি দক্ষিণ দিকে হেলে পড়েছে। এ অবস্থায় পাউবো স্পারটি রক্ষায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ মণ্ডলের উপস্থিতিতে গত ২৪ জুন উক্ত কাজ উদ্বোধন করে; কিন্তু ১০ দিন অতিবাহিত হলেও বাঁধ তথা এলাকা রক্ষায় কাজ শুরু করেনি পাউবো। এজন্য ভাঙ্গন তীব্র আকার ধারণ করায় স্পারের ফাঁটলের মাত্রা বেড়ে যাচ্ছে। এ অবস্থায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিরাজ করছে ক্ষোভ। এ ব্যাপারে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাও. আব্দুল আওয়াল, সমাজ-সেবক ইঞ্জিনিয়ার আনিসুর রহমান জানান, আমরা ভাঙ্গন রক্ষায় একটি স্থায়ী পদক্ষেপের জন্য তাকিয়ে আছি ১০ বছর ধরে। এর আগে স্পার দিয়ে ভাঙ্গন কিছুটা রোধ করা হলেও স্থায়ী কোন পদক্ষেপ না নেয়ায় গত বছর আমাদের এলাকার ৬টি পুরো গ্রাম যমুনায় বিলীন হয়েছে। গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ। দ্রুত যথাযথ পদক্ষেপ না নেয়া হলে খাজা ইউনুছ আলী হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, মাজারসহ কয়েকটি তাঁত শিল্প গ্রাম বিলীন হয়ে যাবে। আর খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইউসুফ জানান, দেশের সাধারণ মানুষকে স্বল্প খরচে বিশ্বের আধুনিক চিকিত্সা ও উন্নত শিক্ষা প্রদানের জন্য আমরা এলাকাতে সেবামূলক কয়েকটি জাতীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছি। যা অলাভজনক জনহিতৈষী প্রতিষ্ঠান। এ অবস্থায় নদী ভাঙ্গনের কড়াল গ্রাস থেকে এই সম্পদ বাঁচানোর জন্য সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করলেন তিনি। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ শীল এবং সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিদ মণ্ডলের মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। আর দায়িত্বপ্রাপ্ত পাউবোর এসও শাহ আলম জানান, পাথর ভারত থেকে আসায় কিছুটা দেরী হলেও কাজ দ্রুতই শুরু হবে। তবে কবে শুরু হবে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।