সিলেটে ৬টি দোকান থেকে জরিমানা আদায়
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২১:৩১
সিলেটে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে অভিজাত চেইন শপ স্বপ্নসহ ৬টি দোকানে থেকে বিভিন্ন হারে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেটের এডিসি (শিক্ষা) মনিরুল ইসলাম।
অভিযানকালে নগরীর পূর্ব জিন্দাবাজারের স্বপ্নে যায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে দেখা যায়, প্যাকেটজাত খেজুর সরাসরি বিদেশ থেকে আমদানিকৃত বলে ক্রেতার হাতে তুলে দেয়া হচ্ছে। কিন্তু প্যাকেটে আমদানিকারকের কোন নাম-ঠিকানা নেই। তাই ক্রেতার সাথে প্রতারণার অপরাধে স্বপ্নকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেজাল খেজুর বিক্রির অপরাধে নগরীর বন্দরবাজারের মনির এন্ড সন্সকে ৫ হাজার টাকা, ফ্রেন্ডস স্টোরকে ৩ হাজার টাকা, কাদের ফল ভান্ডারকে ৫ হাজার টাকা ও আক্তার স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীতে ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।