হাতীবান্ধায় স্কুলের মাঠ দখল করে বাড়ি নির্মাণ

হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের জমি দখল করে স্থানীয় প্রভাবশালী হবিবর রহমানের পুত্র লতিফ, খালেক ও মালেকের সহযোগিতায় বসতবাড়ি নির্মাণ করেছেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাদী হয়ে গত সোমবার রাতে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজিবুল আলম সাদাত জানান, একটি মহল অবৈধভাবে বিদ্যালয়ের মাঠ দখল করেছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহজাহান জানান, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিদ্যালয়ের মাঠ দখল করে বসত-বাড়ি নির্মাণের বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।