আগৈলঝাড়ায় পোনা মাছ চাষ করে স্বাবলম্বী পাঁচ শতাধিক পরিবার

বরিশালের আগৈলঝাড়ায় ডিম থেকে পোনা মাছ উত্পাদন ও বিক্রি করে প্রায় ৫ শতাধিক পরিবার স্বাবলম্বী হয়েছে। এসব পোনা মাছ বিক্রির হাট বসে উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তের হাটে। প্রতিদিন মাছের পোনা কিনতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্রেতারা আসেন এ হাটে। প্রতিদিন জমে উঠে পোনা মাছের হাট। যশোরসহ বিভিন্ন জেলা থেকে উন্নতজাতের মাছের ডিম সংগ্রহ করে উপজেলার মত্স্য ব্যবসায়ীরা পুকুরে চাষাবাদ করে ডিম থেকে রেণু ফোটাচ্ছেন। এসব রেণু ২ থেকে ৫ ইঞ্চি লম্বা হলে ব্যবসায়ীরা বাজারে বিক্রি করে অধিক লাভবান হচ্ছেন। এসব মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, মনোসেক্স তেলাপিয়া, নাইলোটিকা, কার্ফ্যু, পাঙ্গাস, চায়নাপুঁটি, টাটকিনাসহ প্রায় ৫০ প্রজাতের বিভিন্ন জাতের পোনা মাছ। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই বেড়ে যায় পোনা মাছের চাহিদা। উপজেলার বিভিন্ন ফার্মের মালিক ও ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, গুপ্তেরহাটে প্রায় ৩৫ বছর থেকে মাছ বিক্রি হয়ে আসছে। দিন দিন এ বাজারের পোনা মাছ বিক্রির সুনাম দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছড়িয়ে পড়ায় প্রতিনিয়ত বেড়ে চলছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। এখানে প্রতিনিয়ত ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, ভাঙ্গা, গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ট্রাক, মিনিট্রাক, ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়ে পোনা মাছ ক্রয়ের জন্য আসেন। এ হাটে প্রতিদিন লাখ টাকার পোনা মাছ বিক্রি হয়। এ হাটে পোনা মাছ বিক্রি করে আগৈলঝাড়া উপজেলার ৫ শতাধিক পরিবার স্বাবলম্বী হয়েছেন।