গাইবান্ধায় নদী ভাঙ্গনে চারশ’ পরিবার গৃহহীন
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২১:৩৯
গত কয়েকদিনের অবিরাম বর্ষণে গাইবান্ধার যমুনা-ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধিতে ব্যাপক নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ফলে গত এক সপ্তাহে সাঘাটা উপজেলার পাতিলবাড়ি ও দক্ষিণ দিঘলকান্দি গ্রামের চারশ’ পরিবার গৃহহীন হয়েছে। এছাড়া ওই দুই গ্রামের তিনটি মসজিদ, ২টি কমিউনিটি সেন্টারের পাকা ঘর ও দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলকান্দি বাজারসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীর গ্রাসে বিলীন হয়ে গেছে। গৃহহারা পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। এদিকে নদী তীরবর্তী এলাকার কমপক্ষে আরো ৫ শতাধিক পরিবার ভাঙ্গন আতংকে দিশেহারা হয়ে পড়েছে। ভাঙ্গনের শিকার রফিক মিয়া ও মনির মির্জা জানায়, ডাকাতি হলে তারা গরু-ছাগল, টাকা লুট করে নিয়ে যায়। আগুনে পুড়লে সহায়-সম্পদ কিছু থাকে। অথচ নদী ভাঙ্গনে একটি পরিবারের বসতভিটা থেকে শুরু করে আবাদী জমিসহ সব শেষ হয়ে যায়।
ইউপি সদস্য রেজাউল করিম জানায়, নদী ভাঙনের বর্তমান পরিস্থিতি ইউএনওকে জানানো হলে তাদের মধ্যে ১৭০ পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কিন্তু পরে আবার গত দুই সপ্তাহে ২৩০ পরিবার ভিটেমাটি হারিয়েছে। তাদের ভাগ্যে এখনো কিছুই জোটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, নদী ভাঙ্গনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।