রমজানে নাগেশ্বরীর একাধিক স্কুলে চলছে পাঠদান
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২১:৩৯
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে রমজানে স্কুল বন্ধের সরকারি নির্দেশ উপেক্ষা করে একাধিক বিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। জানা গেছে, পৌর সদরের নিউ প্রতিশ্রুতি কিন্ডারগার্টেন এন্ড নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, শিশু বিতান ও মাতৃছায়া কিন্ডারগার্টেন রমজানে খোলা রেখে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে আসা বাধ্যতামূলক করেছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে ইচ্ছার বিরুদ্ধে তাদের নিয়মিত পাঠদান করানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, কোন কারণে স্কুলে না আসলে হাজিরা খাতায় অনুপস্থিত দেখিয়ে সন্তানদের স্কুলে পাঠাতে মুঠোফোনে তাদের চাপ দেয়া হচ্ছে।
শিক্ষকদের রোষানলের ভয়ে বাধ্য হয়ে তাদের অবৈধ নির্দেশ মেনে ইচ্ছার অমতে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে। নিউ প্রতিশ্রুতি কিন্ডারগার্টেন এন্ড নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম বলেন, সরকারি বিধি মেনে স্কুল বন্ধ দেয়া হয়েছে। তবে বিদ্যালয় গৃহে চলছে শিক্ষার্থীদের কোচিং কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিশু বিতান নাগেশ্বরী পরিচালনা পর্ষদের সভাপতি আবু হায়াত মোঃ রহমতুল্লাহ বলেন, সরকারি কোন চিঠি না পাওয়ায় স্কুল বন্ধে কোন নির্দেশনা দেয়া হয়নি।